মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা থেকে ২৮৫টি ইয়াবা ও ১০ হাজার ৭৭০ টাকাসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাসাড়া মুন্সী দিঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা।

পরে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-১১। গ্রেপ্তার দুজন হলেন শিল্পী বেগম (৫৫) ও তাঁর ছেলে মো. বিপ্লব।

র‌্যাব ১১-এর কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মো. নাহিদ হাসান জনি জানান, ২৮৫টি ইয়াবা ও মাদক বিক্রির ১০ হাজার ৭৭০ টাকাসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়।

তাঁদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার দাম আনুমানিক ৮৫ হাজার ৫০০ টাকা বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।

জেড