মূল বেতন দ্বিগুণ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত অষ্টম বেতন কাঠামো অনুমোদন করেছে মন্ত্রিসভা। ১ জুলাই থেকেই এটি কার্যকর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আলোচিত এই বেতন কাঠামো পাস হয়। সকাল ১০টার দিকে শুরু হওয়া বৈঠক শেষ হয় দুপুর ২টায়।
এবারের বেতন কাঠামোয় গ্রেড ২০টিই থাকবে জানিয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, গ্রেড ২০টিই থাকবে। সর্বোচ্চ গ্রেডে বেতন ৭৮ হাজার টাকা, কোন ইনক্রিমেন্ট থাকবে না, ফিক্সড। সর্বনিম্ন বেতন হবে ৮২৫০ টাকা। অবশ্য যা পরে এক পর্যায়ে ২০ হাজারের বেশিও হতে পারে। মূল বেতনের শতাংশ ধরে এটি কার্যকর হবে।
এছাড়া ২০ থেকে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত বেতন ৫ শতাংশ হারে এবং ৩য় ও ৪র্থ ও বাকিগুলোর বেতন চক্রবৃদ্ধি হারে বাড়বে। অর্থাৎ একজনের একজনের মূল বেতন যদি হয় ১০ হাজার টাকা হয় তবে প্রথম বছরে বেড়ে তা হবে ১০৫০০ টাকা। এর পরের বছর ওই ১০ হাজার ৫০০ টাকার ওপর বেতন বাড়বে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এ পদ্ধতিতে লাভবান হবেন বলে জানান সচিব। তবে সিলেকশন গ্রেড অব্যাহত থাকবে না জানিয়ে সচিব বলেন, বেতন সবার জন্য বাড়ছে। কাজেই কিছু পদ বা প্রতিষ্ঠানের জন্য সুবিধা দেওয়ার চেয়ে সবার সুবিধা দেওয়াই যৌক্তিক।
এবার থেকে বাংলা নববর্ষ ভাতা শুরু হচ্ছে জানিয়ে সচিব বলেন, সবাই ধর্মভিত্তিক ভাতা পায়। কিন্তু সবার জন্য এবার থেকে বাংলা নববর্ষ ভাতা চালু করা হবে।
এছাড়া এবার থেকে সরকারি কর্মচারীদের মধ্যে কোনো শ্রেণীবিভাগ থাকবে না উল্লেখ করে সচিব বলেন, এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এখন থেকে এটি বিলুপ্ত। প্রথম শ্রেণী বা তৃতীয় শ্রেণী বলে কিছু থাকবে না। সরকারি কর্মচারীরা এখন থেকে গ্রেড অনুযায়ী পরিচিত হবেন। তাদের জন্য এটি হবে মনস্তাত্ত্বিক সাপোর্ট।
সত্যায়িত করার ক্ষমতার বিষয়টি উল্লেখ করে সচিব বলেন, বিষয়সহ শ্রেণী অনুযায়ী যেসব কাজ, সেগুলোতে পরিবর্তন আনা হবে। ঘুণেধরা কোন কিছু থাকবে না। প্রথম শ্রেণীর কর্মকর্তার জায়গায় গ্রেড ভিত্তিক সত্যায়িতকরণ ক্ষমতা থাকবে।
এছাড়া ক্যাডার বা নন-ক্যাডার বিষয়েও সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।পাশাপাশি অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীরা এখন থেকে ৯০ শতাংশ হারে পেনশন পাবে বলে জানান তিনি।
এমপিওভুক্তদের জন্য নতুন পে-স্কেল কার্যকর হবে উল্লেখ করে তা পর্যালোচনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, কমিটির মাধ্যমে এর পর্যালোচনা হবে। তবে এমপিওভুক্ত সরকারি কর্মচারীরা নতুন স্কেলে বেতন পাবেন, পাশাপাশি এর পর্যালোচনাও চলবে।
এই পে-স্কেলের বাস্তবায়ন ১ জুলাই-২০১৫ থেকে ধরা হবে জানিয়ে অর্থ-বিভাগে এখন এর খুটিনাটি বিষয়গুলো পর্যালোচনা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। ঘোষিত স্কেলের মূল বেতন ১ জুলাই-২০১৫ থেকে এবং ভাতাগুলো ১ অক্টোবর-২০১৬ থেকে কার্যকর হবে।
এআর
এআর





