সরকারি চাকরিতে নিয়োগের পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি তুলে দেয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বর্তমানে সরকারি কর্মকমিশনের (পিএসসি) অধীনে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ১ ঘণ্টায় ১০০ নম্বরের এমসিকিউর উত্তর দিতে হয় চাকরিপ্রার্থীদের।

মঙ্গলবার কমিটির বৈঠক এই পদ্ধতির বিকল্প কিছু খুঁজে দেখতে সংশ্লিষ্টদের কাছে সুপারিশ রাখা হয়েছে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, “সত্যিকারের মেধা যাচাইয়ের লক্ষ্যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এমসিকিউয়ের পরিবর্তে অন্য কোনো মেধাভিত্তিক পদ্ধতি অনুসরণ করা যায় কি না, তা খতিয়ে দেখার সুপারিশ করা হয়।”

তবে সংসদীয় কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান সাংবাদিকদের বলেছেন, “এ বিষয়টি নিয়ে আমরা পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে আছি।”

কমিটি এ নিয়ে আরো একটি বৈঠক করবে বলেও জানান তিনি।

কমিটির সদস্য মুস্তফা লুৎফুল্লাহ সাংবাদিকদের বলেন, “কমিটির অধিকাংশ সদস্যই মনে করেন, বিসিএস পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি তুলে দেয়া উচিৎ।”

বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা বলেন, সভায় অংশ নেয়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামও সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে একমত পোষণ করেছেন।

বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনার উদ্যোগ ইতোমধ্যে পিএসসিও নিয়েছে, যা ৩৫তম বিসিএস থেকেই কার্যকরের পরিকল্পনা তাদের।

গত মে মাসে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার মান ৩০০ নম্বরে উন্নীত এবং পরীক্ষার সময় ৩ ঘণ্টা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে পিএসসি।

১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় চাকরিপ্রার্থীদের পাসের সংখ্যা অনেক বেশি হয় বলে পিএসসি কর্মকর্তাদের অভিমত।

সংসদীয় কমিটির মঙ্গলবারের বৈঠকে প্রস্তাবিত ‘পাবলিক সার্ভিস অ্যাক্ট’নিয়েও আলোচনা হয়।

বিষয়টি নিয়ে আলোচনার জন্য কমিটি প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মহীউদ্দিন খান আলমগীর এবং ‘বেতন ও চাকুরী কমিশন-২০১৩’এর চেয়ারম্যান ড. ফরাসউদ্দিনকে আমন্ত্রণ জানায়।

সংসদীয় কমিটি সরকারি চাকুরেদের বেতন-পারিতোষিকে বেসরকারিদের সঙ্গে সামঞ্জস্য আনা, মেধা বা বিশেষায়িত অভিজ্ঞতা বা পরীক্ষার ভিত্তিতে পদোন্নতি, নিয়োগ বা পদোন্নতিতে কোটা ন্যূনতম পর্যায়ে রাখা, পেনশন ভাতা বাড়ানোর বিষয়গুলো ‘সিভিল সার্ভিস অ্যাক্টে’সুস্পষ্টভাবে রাখার মত দিয়েছে।

বৈঠকে উত্তরাধিকার সূত্রে বা ক্রয়সূত্রে অথবা অন্যান্যভাবে প্রাপ্ত জনগণের মালিকানাধীন ভূমির নামজারিকরণ দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশও করা হয়।

কমিটির সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, সুকুমার রঞ্জন ঘোষ, মো. আব্দুল্লাহ ও খোরশেদ আরা হকও বৈঠকে অংশ নেন।

ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ