নাটোর জেলার বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আখতার হোসেন জানান, বনপাড়ায় হাইওয়ে থানায় ২০ জনের মরদেহ রয়েছে। বগুড়া সদর হাসপাতাল মর্গে ১৫ জনের মরদেহ রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করে বলে তিনি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে  যাত্রীবাহী দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় বেশ কয়েকজন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া মহাসড়ক থানার ওসি ফুয়াদ হাসান  জানান, মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় সোমবার বেলা সাড়ে ৩টার দিকে কেয়া পরিবহনের একটি বাসের সঙ্গে অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১৯ থেকে ২০ জন নিহত হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

এছাড়া স্থানীয়রা আহতদের উদ্ধার করে বনপাড়ার আমেনা হাসপাতালে নিয়ে গেছে। সেখানেও অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 জেআই