এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে সৃষ্টপদে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত ১৫ হাজার শিক্ষকের বেতন-ভাতার দাবিতে রোববার থেকে পাঠদান বিরতিতে যাচ্ছে নন-এমপিও বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ।

শনিবার সংগঠনের সভাপতি প্রদীপ চন্দ্র রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

সংগঠনটি গত ৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করে এ কর্মসূচির কথা জানিয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ১৩/১১/২০১১ তারিখে জারি করা প্রজ্ঞাপন বাতিল ও অনতিবিলম্বে সারা বাংলাদেশের এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে সৃষ্টপদে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত ১৫ হাজার শিক্ষকের বেতন-ভাতার ব্যাপারে আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি।

ফলে সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার থেকে শিক্ষকেরা পাঠদান বিরতিতে যাচ্ছেন। যার ফলে দেশের প্রায় সাড়ে ২৮ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক লক্ষ শিক্ষার্থী বিপাকে পড়তে যাচ্ছে।

এতে বিঘ্নিত হতে পারে শিক্ষাব্যবস্থা। সরকারের সিদ্ধান্তের কারণে ভবিষৎ অনিশ্চিত হয়ে যেতে পারে কয়েক লাখ শিক্ষার্থীর।

আগামী ২০ ফেব্রুয়ারি মধ্যে প্রজ্ঞাপন বাতিল ও এমপিওভুক্তির উদ্যোগ না নিলে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২২ ফেব্রুয়ারি থেকে ১৫০০০ হাজার শিক্ষক আমরণ অনশনে যাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রসঙ্গত, সৃষ্টপদে নিয়োগকৃত শিক্ষকেরা পাঁচ বছর ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

এমকে