গত কদিনের ভ্যাপসা গরমের পর আজ সন্ধ্যায় হঠাৎ বৃষ্টিতে রাজধানীবাসী স্বস্তি পেয়েছেন।

শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকেই টিপ টিপ করে শুরু হওয়া বৃষ্টি সাড়ে সাতটা নাগাদ মুষলধারে শুরু হয়।

আবহাওয়া বিদ আব্দুল মান্নান বলেন, আজকের বৃষ্টিতে তাপমাত্রা আরও কিছুটা কমেছে। আগামী ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। এতে করে তাপমাত্রা আরও কমে আসবে তাপমাত্রা।

গত ২৪ ঘণ্টায় ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, পাবনা,বগুড়া, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এখন তা কমে কেবল চার জেলায় আছে। জেলাগুলো হলো- পঞ্চগড়, দিনাজপুর, রাজশাহী এবং নীলফামারী।

সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন ভারতের উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এর প্রভাবে , খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বগুড়ায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যায় তা কমে হয়েছে তেতুলিয়ায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ছিল ৩৭ দশমিক ৪, এখন তা দুই ডিগ্রি কমে ৩৫ দশমিক ৫ সেলসিয়াস হয়েছে। এছাড়া ময়মনসিংহে ছিল ৩৬ দশমিক ৫, এখন দুই ডিগ্রি কমে ৩৪ দশমিক ৫, চট্টগ্রামে ছিল ৩৫ দশমিক ৬, এখন ৩৫, সিলেটে ছিল ৩৬ দশমিক ৪, এখন ৩৫ দশমিক ৫, রাজশাহীতে ছিল ৩৫ দশমিক ৭, এখন কিছুটা বেড়ে ৩৬, রংপুরে ছিল ৩৪ দশমিক ৩, এখন ৩৪ দশমিক ৬ খুলনায় ছিল ৩৬ দশমিক ৫, এখন দুই ডিগ্রি কমে ৩৪ দশমিক ২ এবং বরিশালে ছিল ৩৬ দশমিক ৩, এখন তা দুই ডিগ্রি কমে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

এমবি