মাগুরায় ছয় তলা একটি ভবন থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। শনিবার শহরের নতুন বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহতের নাম গোবিন্দ ভট্টাচার্য (৩৫)। তিনি ভারতীয় নাগরিক। ভারতের কলকাতার ধীরেন্দ্রনাধ ভট্টাচার্যের ছেলে তিনি।
পুলিশের ভাষ্য, পাওনা টাকার জন্য তাকে আটকে রাখা হয়েছিল। সেখানে থেকে পালাতে গিয়ে তিনি মারা যান। মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আল হাসান জানান। তার লাশ মাগুরা সদর হাসপাতালের মর্গে রয়েছে।
এলাকাবাসী জানায়, সকাল ৭টার দিকে উপর থেকে কিছু পড়ার শব্দ শুনে আশপাশে খোঁজ নিয়ে ছয় তলা ওই ভবনের নিচে ব্যক্তির লাশ দেখতে পান তারা। পরে তারা পুলিশে খবর দেন।
পরিদর্শক মাহবুব বলেন, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, মৃত ওই ব্যক্তির সঙ্গে মাগুরা শহরের নিজনান্দুয়ালীর বাসিন্দা সরফরাজ নেওয়াজ জনিসহ কয়েকজন যুবকের ব্যবসায়িক লেনদেন ছিল।
পাওনা টাকার জন্য তারা গোবিন্দকে ছয় তলা ভবনের একটি কক্ষে আটকে রেখেছিলো। ভেন্টিলেটর ভেঙে পালাতে গিয়ে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জনিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
এমআর





