করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ৬ জন ও নারী ৮ জন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৮৩৩ জন।
একই সময়ে নতুন করে ৮৯০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৯১০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৬৯ হাজার ৫২২ জন।
বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পঞ্চাশোর্ধ্ব চারজন এবং ষাটোর্ধ্ব ১০ জন রয়েছেন।
বিভাগীয় হিসেব অনুযায়ী, মৃতদের মধ্যে ঢাকায় ১০জন, চট্টগ্রামে দুইজন, খুলনায় একজন এবং সিলেটের একজন রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯৯টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৩৩৮টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৭২৭টি নমুনা পরীক্ষা করা হয়।
এমবি





