কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার মেয়র হাজী শামীমুল ইসলাম ছানাকে শোকজ করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক।
তার অস্ত্রের লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে এক সপ্তাহের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। রবিবার কারণ দর্শানোর নোটিশটি মেয়রের কাছে পৌঁছেছে বলে জানা গেছে।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, জানমালের নিরাপত্তা রক্ষা ছাড়া লাইসেন্স করা অস্ত্র থেকে কোনো অবস্থাতেই গুলি ছোড়া যাবে না। ভেড়ামারা পৌর মেয়র শামীমুল ইসলাম ছানা বিয়ের অনুষ্ঠানে তার লাইসেন্স করা শর্টগান থেকে গুলি ছুড়েছেন এমন সংবাদ পত্রিকায় প্রকাশ হয়েছে।
কেন তার শর্টগানের লাইসেন্স বাতিল করা হবে না তা জানতে চেয়ে মেয়রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে মেয়রকে শোকজের জবাব দিতে হবে। যথাযথ জবাব দিতে না পারলে তার অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে।
গত ১০ জানুয়ারি ভাইজির বিয়ের অনুষ্ঠানে শর্টগানের গুলি ছুড়ে এখন দেশব্যাপী আলোচিত ভেড়ামারা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা।
এমএনজে





