রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে এক চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম ডা. খুরশেদ আলম (৩৫)। তিনি ইউনাইটেড হাসপাতালে শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন।
স্ত্রী ডা. লুবনা শারলীনের বরাত দিয়ে উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান জানান, পারিবারিক কলহের জের ধরে ডা. খুরশেদ আলম আত্মহত্যা করেছেন। ইউনাইটেড হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাত পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ডা. খুরশেদ আলমের স্ত্রী বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
ডা. লুবনা শারলীন জানান, গত ২২ এপ্রিল নিজের শরীরে অ্যানেসথেসিয়া ইনজেকশন পুশ করে ডা. খুরশেদ আলম বাইরে থকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আযম রোডের ১ নম্বর বাড়িতে বাসায় প্রবেশ করেন। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে তাকে আই কেয়ার হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে পরে তাকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।
এমএনজে





