চুয়াডাঙ্গায় কোর্ট হাজত থেকে আসামি পালানোর ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে পুলিশের এক এটিএসআইসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন- কোর্ট হাজতের এটিএসআই ইছাহাক আলি, কনস্টেবল আজিজুল হক, তৌহিদুল ইসলাম ও শাহীন মিয়া। বরখাস্ত হওয়ার পর গত বৃহস্পতিবার রাত ১১টায় তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে নেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান জানান, কোর্ট হাজত থেকে চিহ্নিত আসামির পালানোর ঘটনায় পুলিশের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশের কতর্ব্যে অবহেলার বিষয়টি তদন্ত রির্পোটে উঠে এসেছে। এ কারণে তাদের বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের কোর্ট হাজতের টয়লেটের জানালার রড কেটে শাহীন নামে এক আসামি পালিয়ে যায়।

বিষয়টি পুলিশ ধামাচাপা দেয়ার চেষ্টা করলেও পরদিন বুধবার ফাঁস হয়ে যায়। এ ঘটনার পর কোর্ট পুলিশের পরিদর্শক ফারুক হোসেনকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর