কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ থেকে সোহাগী জাহান তনুর লাশ বুধবার সন্ধ্যা ৬টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ পাহারায় তনুর লাশ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে।

দাফনের ১০ দিন পর বুধবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের কবরস্থান থেকে তনুর লাশ উত্তোলন করা হয়।

সূত্র জানায়, ২৮ মার্চ মামলার সুষ্ঠু তদন্ত, ডিএনএ নমুনা সংগ্রহ, সুরতহাল তৈরি ও পুনঃময়নাতদন্ত করতে কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেন কুমিল্লার একটি আদালত।

কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, তনুর লাশ উত্তোলন করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অধিকতর আলামত সংগ্রহ করা হয়। এরপর সেখান থেকে লাশ নিয়ে আগের কবরে দাফন করা হবে।

কুমিল্লা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কামদা প্রসাদ সাহার নেতৃত্বে তিন সদস্যের একটি মেডিক্যাল টিম তনুর লাশের আলামত সংগ্রহ করেছে।

পরিবারের সূত্র জানায়, গত ২০ মার্চ রাতে তনুকে সেনানিবাস এলাকায় হত্যা করে দুর্বৃত্তরা। ২১ মার্চ সন্ধ্যায় তনুকে তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে দাফন করা হয়।

এ বিষয়ে নিহত তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন ২১ মার্চ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

এমই