নোয়াখালী সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আরাফাত (২৩) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
শনিবার উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ভেলানগর এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে বলে জানান নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের ভেলা নগর মোহাম্মদিয়া ইবতেদিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে এ সংঘর্ষ হয়। এসময় আরাফাত গুলিবিদ্ধ হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে দুপুরে তিনি মারা যান।
নিহত ইয়াসিন আরাফাত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি ভেলানগর গ্রামের মো. সেলিমের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কেন্দ্রের বাইরে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ইয়াসিন আরাফাতসহ চার জন আহত হন। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এমই





