কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় পুলিশের মাইক্রোবাসে আগুন ধরার ঘটনায় দগ্ধ এক আসামী ঢামেক হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম শওকত আলী (৩০)।

বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের ৮৭ শতাংশ পুড়ে গিয়েছিলো।

এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ হোসেন জানান, ঢাকা ডিবি পুলিশের একটি দল চট্টগ্রাম থেকে পাঁচ আসামি নিয়ে ঢাকায় ফিরছিলেন। চৌদ্দগ্রামের আমজাদের বাজার এলাকায় এলে পেছন থেকে একটি ট্রাক তাদের বহনকারী মাইক্রোবাসকে ধাক্কা দেয়।

এতে রাস্তার পাশে উল্টে গিয়ে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এসময় ঘটনাস্থলেই দগ্ধ হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়। আর দগ্ধ হন আরো ৯ জন।

এরপর দগ্ধ ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধ ব্যক্তিরা হলেন, এসআই আব্দুল মালেক (৩৫) তার শরীরের ৩৮ শতাংশ পুড়ে গেছে। কনস্টেবল নুরুল হাসান (৩২) তার শরীরের ৮ শতাংশ, শরিফুল ইসলাম (৩২) ৪ শতাংশ, আনোয়ার হোসেন (৩৮) ৫ শতাংশ শরীর পুড়ে গেছে।

এছাড়া দগ্ধদের মধ্যে অন্য আসামিরা হলেন, সাদ্দাম হোসেন (২৫) তার শরীরের ১৮ শতাংশ, নাজিম (৪০) ৩৩ শতাংশ, বশির (৩৪) ২৭ শতাংশ, শুকুর আলী (৫০) ২৮ শতাংশ শরীর পুড়ে গেছে।

এমআর