বগুড়ায় এক অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে খুন করেছে একদল যুবক। অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগায় তাকে খুন করা হয়।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়ার গাবতলীতে মহিষাবান ইউনিয়নের পাঁচমাইল নামক স্থানে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা তিন যুবককে গণধোলাই দিয়ে তাদের পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাদের বহনকারী অটোরিকশা আগুনে পুড়িয়ে দিয়েছে।
আটককৃতরা হলো-বগুড়া সদরের সাবগ্রাম কুশরাপাড়া এলাকার ইলিয়াসের ছেলে রাসেল (১৬), আব্দুল আলীমের ছেলে রাব্বী হাসান (১৭) ও সাবগ্রাম উত্তরপাড়া গ্রামের মোস্তফা আলীর ছেলে সেলিম (১৬)।
নিহত অটোরিকশা চালক শহিদুল ইসলাম (২৬) গাবতলী উপজেলার নিশিন্দারা গ্রামের কোরবান আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার বিকালে একদল যুবক অটোরিকশা নিয়ে বগুড়া থেকে গাবতলীর গোলাবাড়ী এলাকায় দাওয়াত খেতে যাচ্ছিল। পথিমধ্যে পাঁচমাইল নামক স্থানে একটি সিএনজি অটোরিকশা পারাপারের সময় তাদের বহনকারী অটোরিকাশাটির সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়।
এর জের ধরে সন্ধ্যায় পাঁচমাইল এলাকায় সিএনজি অটোরিকশা চালক শহিদুল ইসলামকে (২৬) একা পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, গ্রেফতারকৃতদের পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা চলছে।
এমকে





