নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ছয়ানী গ্রামের ব্যাপারী বাড়ীতে মাহফুজা বেগমের বসত ঘরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা হামলা করেছে। তাদেরকে বাধা দিতে গেলে এলোপাতাড়ি পিটিয়ে ও ভাংচুর করে আহত করেছে ৫ জন।

পুর্ব শত্রুতার জের ধরে গত ৬ দিন ধরে দফায় দফায় একই বাড়ির জোতদার ও সন্ত্রাসী আবুল বাশারের নেতৃত্বে ১০-১২ জন হামলা চালিয়ে আহতদের বসত ঘরে তালা ঝুলিয়ে দেয়।

আহতদের মধ্যে রবিন, হাসান, বেলাল সহ অপরদের জেলা শহর মাইজদী বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের আত্মীয়-স্বজন বসত ঘরে ঢুকতে না পেরে বসত ঘরের পাশে পবিত্র রমযানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটছে।

এলাকাবাসী টাইমনিউজবিডিকে জানান, গত ৪ মাস আগে মাহফুজা বেগমের বাড়ির জমি দখল করে একই বাড়ির আবুল বাশার পাকা ঘর নির্মান করছে। মাহফুজা বেগম সহ তার লোকজন বাধা দিতে গেলে দু’গ্রুপের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আবুল বাশারের ছোট ভাই মহি উদ্দিন (৪২) আহত হয়ে হাসপাতালে মারা যায়।

এ ব্যপারে আবুল বাশার বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মিলন, শেখ রাসেল, মোহাম্মদ আলী, পলাশ, মাহফুজা বেগম, তার ছেলের বউ কামরুন্নাহার সিমু অপর নার্গিস আক্তার, মিলি আক্তার, শাহীন আক্তার, মাইন উদ্দিন শহীদ ও মুক্তা আক্তার সহ ১৫ জনকে আসামী করে মামলা করেছে।

ওই মামলায় আসামীরা জামিনে বাড়িতে আসে। আসামীরা বাড়িতে এলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে বসত ঘরে হামলা, ভাংচুর করে তালা দিয়ে তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। মাহফুজা বেগমসহ অপর লোকজন বসত ঘরে ঢুকতে না পেরে পবিত্র রমযানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটছে।

এ ব্যাপারে মাহফুজা বেগম বেগমগঞ্জ থানায় আবুল বাশার সহ অপরদের আসামী করে মামলা করেছে। মাহফুজা বেগম, কামরুন্নাহার সিমু অপর নার্গিস আক্তার, মিলি আক্তার, শাহীন আক্তার কান্নাজড়িত কন্ঠে টাইমনিউজবিডিকেজানান, আবুল বাশারের ভাই মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।

আমরা আদালত থেকে জামিনে এসেছি। আবুল বাশার ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে আমাদের বসত ঘরে হামলা, ভাংচুর করে তালা দিয়ে আমাদেরকে বের করে দেয়। পবিত্র রমযানে আমরা ঘরে ঢুকতে না পেরে খোলা আকাশের নিচে শিশু নিয়ে মানবেতর জীবন কাটছে।

এদিকে বেগমগঞ্জ থানার ওসি গোলাম ফারুক জানান, আবুল বাশার পুর্ব শত্রুতার জের ধরে একই বাড়ির মাহফুজা বেগমের ঘরে হামলা, ভাংচুর ও তালা দিয়ে তাদেরকে বের করে দেয়। এ ব্যাপারে মাহফুজা বেগম থানায় মামলা করেছেন। তদন্ত প্রমাণিত হলে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএইচ