মাদারীপুরের কালকিনিতে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আ’লীগ নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, ঘুষাঘুষির ঘটনা ঘটেছে। একুশের প্রথম প্রহরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করতে উপস্থিত হন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কালকিনি ও ডাসার থানা, কালকিনি প্রেসক্লাবসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের লোকজন।

রাত ১১টা ৫০ মিনিটে একটি মোটরসাইকেল বহর নিয়ে সেখানে পুষ্পমাল্য অর্পণ করতে আসে সাবেক উপজেলা চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক। তার পুষ্পমাল্যের ডালায় সাবেক উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি সাধারণ সম্পাদক কালকিনি উপজেলা আ’লীগ লেখা ছিল।

কিন্তু তাকে পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর পক্ষে কাজ না করার দায়ে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ তুলে সেটি ভেঙ্গে ফেলে আ’লীগের অন্য গ্রুপ।

এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ঘুষাঘুষির ঘটনা ঘটলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, ফুল দেয়া নিয়ে সামান্য কথা কাটাকাটি হলেও পুলিশের তৎপরতায় তা নিয়ন্ত্রণে এসেছে। সাবেক উপজেলা চেয়ারম্যনা মীর গোলাম ফারুককে ওখানে থেকে পুলিশি প্রহরায় নিয়ে আসা হয়। কেউ আহত হয়েছে বলে জানা নেই। কোন অভিযোগ পাওয়া যায়নি।

এমই