ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দত্তের বাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান ওরফে গদাকে (৬৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে দত্তের বাজার ইউনিয়নের বিরই গ্রামে এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু জোহাব আকন্দ জানান, দত্তের বাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিল আবদুল মান্নান।
পাগলা থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান এ ঘটনার কথা স্বীকার করে বলেন, শুক্রবার সকালে পুলিশ নিহত মান্নানের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা হত্যা করেছে তা পুলিশ জানাতে পারেনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি বদরুল আলম।
কেএইচ





