বরগুনায় সদর কলেজ গেটের সামনে প্রকাশ্যে দিবালোকে রিফাত শরীফ হত্যা মামলায় কারাবন্দি স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদনের শুনানি আজ।

জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। তবে আজকে শুনানি শেষে মিন্নির জামিন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার আইনজীবী মাহাবুবুল বারী আসলাম। জামিন শুনানির সময় তার সঙ্গে বরগুনার বেশ কয়েকজন আইনজীবীসহ আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী এবং ব্লাস্টের আইনজীবীরাও উপস্থিত থাকবেন।

গত ২৩ জুলাই জেলা ও দায়রা জজ আদালতে মিন্নির জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান জামিন নামঞ্জুর করে ৩০ জুলাই শুনানির দিন ধার্য করেন।

এদিকে তার আইনজীবী বলেন, ‘রিফাত শরীফ হত্যা মামলায় ১৫ জন স্বীকারোক্তি দিলেও মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নি তার জবানবন্দি প্রত্যাহার করতে চাচ্ছেন। মিন্নিকে নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে।’

গত ১৬ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বরগুনার মাইঠা এলাকার বাবার বাসা থেকে মিন্নিকে জিজ্ঞাসাবাদ ও তার বক্তব্য রেকর্ড করতে বরগুনা পুলিশ লাইনসে নিয়ে যায় পুলিশ। এরপর দীর্ঘ ১০ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টায় মিন্নিকে রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

পরদিন মিন্নিকে আদালতে হাজির করা হয়। আদালতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। মিন্নির পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী।

উল্লেখ্য, গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনের সড়কে প্রকাশ্যে বহু পথচারীর উপস্থিতিতে রিফাতকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে একদল যুবক। গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে বরগুনা থানায় হত্যা মামলা করেন।

এএস