বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে। বুধবার (২১ ফেব্রুয়ারি)সকালে কুয়ালালামপুরের টুরিজম সেন্টারে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে জাতীয় পতাকা অর্ধনমিতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাই কমিশনার মো. শহিদুল ইসলাম। 

এরপর শুরু হয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ। প্রথমে হাইকমিশনের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন৷ এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করে মালয়েশিয়া আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন নেতাকর্মীরা। বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার পক্ষ থেকেও পুষ্পমাল্য অর্পন করা হয়।

হাই কমিশনের কর্মকর্তাদের মধ্যে কমিশনের পলিটিক্যাল মিনিস্টার রইস হাসান সরোয়ার, লেবার কাউন্সিলর মো. ছাইদুল ইসলাম, পাসপোর্ট বিভাগের প্রধান মসিউর রহমান, ওয়াহিদা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন মুকুল, রেজাউল করিম রেজার নেতৃত্বে নেতাকর্মীরা পূষ্পস্তবক অর্পন করেন। 

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লেবার কাউন্সিলর মো. ছাইদুল ইসলামের সঞ্চালনায় হাই কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন এয়ার কমোডর হুমায়ন কবির। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ওয়াহিদা আহমেদ, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন রইস হাসান সরোয়ার।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ওয়াহিদ/এমআর