সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে হাসু (২) নামে এক শিশুর হাতের একটি আঙ্গুল উড়ে গেছে এবং আরো দুটি আঙ্গুল ঝলসে গেছে।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার শক্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশু হাসি ওই গ্রামের মনির হোসেনের ছেলে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুল ইসলাম জানান, শিশু হাসুকে নিয়ে তার মা শক্তিপুর এলাকায় সাবেক এমপি চয়ন ইসলামের বাড়ির পেছনের জঙ্গলে পাতা কুড়াচ্ছিলেন। ওই জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ককটেল নিয়ে খেলা করার সময় সেটির বিস্ফোরণ ঘটলে শিশু হাসুর ডান হাতের তিনটি আঙ্গুল ঝলসে যায়। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চিকিৎসারত ডা. মাহমুদা খাতুন জানান, শিশুটির ডান হাতের বৃদ্ধাঙ্গুলি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এ ছাড়াও তালুর মাংসসহ দুটি আঙ্গুলের মাংস ঝলসে গেছে।
এমআইএস।





