সমাধিতে ফুলেল শ্রদ্ধা ও একক বক্তৃতা অনুষ্ঠানের মধ্য বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর ৪৬তম মৃত্যুবার্ষিকী উদযাপন করেছে বাংলা একাডেমি। একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন এমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম।
বক্তৃতানুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলা একডেমির সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ভাষাসংগ্রামী রওশন আরা বাচ্চু, ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, লেখক ড. ফজলুল আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. শাহাদাৎ হোসেন নিপু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন করেন বাংলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আলতাফ হোসেন।

একক বক্তা অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘ড. মুহম্মদ শহীদুল্লাহ্ এক মনীষাদীপ্ত মহাজীবনের নাম। তিনি একাধারে ছিলেন ধর্মপ্রাণ ও প্রগতিশীল চেতনা সম্পন্ন মানুষ। শহীদুল্লাহর ধার্মিকতা প্রগতিশীলতার সঙ্গে বিরোধ হয়ে দাঁড়ায়নি। বাঙালি জাতিসত্তা ও সংস্কৃতির প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি।

তিনি বাংলা ভাষার ব্যুৎপত্তি থেকে বৌদ্ধগানের ভাষা পর্যন্ত বিচিত্র ভাষাতাত্ত্বিক বিষয়ে অনুপুঙ্খ গবেষণা করেছেন। মাতৃভাষার প্রতি প্রবল অনুরাগ তাকে যেমন বাংলা ভাষার উদ্ভব-বিকাশ নিয়ে গবেষণায় অনুপ্রাণিত করেছে তেমনি সর্বস্তরে মাতৃভাষা বাংলায় শিক্ষার প্রচলনের পক্ষে লড়াইয়ে অঙ্গীকারাবদ্ধ করেছে।’
তিনি বলেন, ‘বাংলা ও ইংরেজিতে লিখিত ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র ভাষাতাত্ত্বিক প্রবন্ধসমূহ বাংলা একাডেমি থেকে সংকলিত হয়ে প্রকাশ হওয়া জরুরি।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘বাংলা ভাষার উৎপত্তি-বাংলা ভাষায় অনার্য প্রভাব ইত্যাদি বিষয়ে ড. মুহম্মদ শহীদুল্লাহ্র ধারণা ছিল মৌলিক। তিনি শুধু বাংলা ভাষা বিষয়ে নয়, একই সঙ্গে সিংহলি ভাষার উদ্ভব নিয়েও গুরুত্বপূর্ণ কাজ করেছেন। বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে এবং আরবি হরফে বাংলা প্রচলনের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন। অসামান্য বিদ্যাবত্তা ও পাণ্ডিত্যের সঙ্গে তার ব্যক্তিত্বে যুক্ত হয়েছিল রসবোধ, সারল্য ও নীতিনিষ্ঠা। বাংলা ভাষা ও সাহিত্যের এই গবেষকবে বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

স্বাগত বক্তব্যে মো. আলতাফ হোসেন বলেন, ‘ড. মুহম্মদ শহীদুল্লাহ্ বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে এক চিরস্মরণীয় নাম। বাংলা একাডেমির সঙ্গে তার সম্পর্ক এই প্রতিষ্ঠানের সূচনাপর্ব থেকে। তার স্মরণে বাংলা একাডেমিতে স্থাপিত হয়েছে শহীদুল্লাহ্ গবেষণা কক্ষ। এছাড়া একাডেমি তার রচনাবলি প্রকাশ করেছে এবং অতি সম্প্রতি শহীদুল্লাহ স্মারকগ্রন্থ পুনর্মুদ্রণের উদ্যোগ গ্রহণ করেছে। ’

এর আগে সকালে একাডেমির পক্ষ থেকে খ্যাতিমান এই মনীষীর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন একাডেমির কর্মকর্তা ও কর্মচারীরা।
এমএইচ