শুরু থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধন ও নবায়ন সেবা ফ্রিতে দিলেও এবার ফি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একশ থেকে একহাজার টাকা পর্যন্ত ফি গুনতে হবে নাগরিকদের। আগামী ১ সেপ্টম্বর থেকে ভোটাদের নির্ধারিত ফি জমা দিয়েই জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা নিতে হবে।
নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে বলেন, ‘জাতীয় পরিচয়পত্র সংশোধন ও নবায়নের জন্য ১ সেপ্টেম্বর থেকে নাগরিকদের নির্ধারিত ফি জমা দিতে হবে। এ সংক্রান্ত গেজেট আজ প্রকাশ করা হতে পারে।’
তিনি বলেন, ‘এখনও নথি বিজি প্রেসে পাঠানো হয়নি। আশা করছি, আজই পাঠানো হবে।’ তবে ৩১ জুলাই পর্যন্ত নাগরিকদের কোনো ফি দিতে হবে না বলে সচিব জানান।
ইসি জানায়, পরিচয়পত্র নষ্ট বা হারিয়ে ফেললে নতুন পরিচয়পত্র সংগ্রহের ক্ষেত্রে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ বরাবর আবেদন করতে হবে। তবে ফি ইসি সচিব বরাবর পে অর্ডার বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।
ইসি জানায়, জাতীয় পরিচয়পত্র নবায়নে সাধারণ একশ টাকা ও জরুরি ভিত্তিতে হলে ১৫০ টাকা ফি দিতে হবে। নষ্ট ও হারিয়ে ফেলে নতুন পরিচয়পত্র সংগ্রহ করার ক্ষেত্রে সাধারণ সময়ে প্রথমবার দুইশ টাকা, জরুরি ভিত্তিতে তিনশ টাকা।
এ ছাড়া দ্বিতীয়বার সাধারণ সময়ে তিনশ টাকা, জরুরি সময়ে গুনতে হবে পাঁচশ টাকা এবং পরবর্তী যে কোনো সাধারণ সময়ে পাঁচশ টাকা ও জরুরি ভিত্তিতে এক হাজার টাকা ফি দিতে হবে।
তবে সরকারি সংস্থা ও কর্তৃপক্ষকে নিবন্ধন তথ্য যাচাইয়ে এককালীন পাঁচ লাখ টাকা দিতে হবে।
২০০৭ সালে সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকারের সময় জাতীয় পরিচয়পত্র প্রদানের প্রকল্প শুরু করে ইসি। বর্তমানে ইসির সার্ভারে প্রায় ৯ কোটি ৬২ লাখ ভোটারের তথ্য সংরক্ষণ রয়েছে। কোনো ভোটার পরিচয়পত্র হারিয়ে বা নষ্ট করে ফেললে ইসি সার্ভার থেকে কার্ড সরবরাহ করা হতো।
এএইচ





