টেকনাফে মুক্তিপণের ৩ লাখ টাকা আদায়কালে ২ অপহরণকারীকে আটক ও অপহৃত যুবককে উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার দিবাগত রাত ১১ টায় টেকনাফ পৌরসভার মংগ্রী মার্কেটে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত যুবক ঢাকা ডেমরা এলাকার আনোয়ার হোসেনের ছেলে তৌফিক হোসেন তারেক (২৪)।
জানা যায়, গত ১০ জুলাই তৌফিক ঢাকা থেকে টেকনাফ আসে। এসময় টেকনাফের ২ যুবক তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে জিম্মি করে মুক্তিপণ হিসাবে ৩ লাখ টাকা দাবি করে পরিবারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে। তৌফিকের পিতা আনোয়ার হোসেন দেন-দরবারের পর আড়াই লাখ টাকা দিতে সম্মতি জ্ঞাপন করায় একটি বিকাশ নম্বর নেন। এ ফাঁকে তিনি কক্সবাজার র্যাব-৭ এর সাথে যোগাযোগ করেন।
টাকা প্রদানের সময় র্যাব সাদা পোশাকে টেকনাফে লেনদেনের স্থানে অবস্থান করে অপহৃত যুবকসহ ২ জনকে আটক করতে সক্ষম হন। আটককৃত টেকনাফের ২ যুবক হচ্ছে সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার হোছন আহমদের পুত্র নুরুল আমীন (২০) ও গোদার বিল এলাকার লোকমান হাকিমের পুত্র আলী হোসেন (৩৬)। আটককৃতদের টেকনাফ থেকে কক্সবাজার র্যাব-৭ এর কার্যালয়ে নেয়া হয়েছে।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





