শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, তামাক উৎপাদন ও তামাকজাত পণ্য নিষিদ্ধ বা বন্ধ করা সম্ভব নয়। এই শিল্পের উদ্যোক্তারা সরকারের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করেন। তারা সরকারের সব নিয়ম-কানুন মেনেই ব্যবসা পরিচালনা করছেন। এ জাতীয় কোম্পানিগুলোর কাছ থেকে সরকারকে দেওয়া রাজস্বের বিষয়টিও ভাবতে হবে। একইভাবে এ শিল্পের সঙ্গে দেশের হাজার হাজার প্রান্তিক চাষি এবং শ্রমিকের কর্মসংস্থানের বিষয়টিও জড়িত। তাদের কথাও ভাবতে হবে।

বুধবার (২০ মে) শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন গণমাধ্যমকে এইসব কথা বলেন।

শিল্পমন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তামাক পণ্য নিষিদ্ধের অনুরোধ করে যে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠির জবাবে আমরা এই বিষয়টি তাদের জানিয়ে দেবো।

তিনি বলেন, “তামাক যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তা বোঝাতে হলে এক্ষেত্রে ব্যক্তিগত মোটিভেশন ছাড়া শুধুমাত্র সাময়িক উৎপাদন বন্ধ করে করোনাকালে ধূমপান প্রতিরোধ করা যাবে না।” এতে চোরাচালান বাড়বে বলেও জানান তিনি।

এদিকে, বুধবার (২০ মে) বিকালে শিল্প মন্ত্রণালয় থেকে তামাক উৎপাদন এবং তামাক জাতীয় পণ্য সাময়িকভাবে নিষিদ্ধকরণ সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার আব্দুল জলিল স্বাক্ষরিত ব্যাখ্যায় বলা হয়েছে, তামাকজাত শিল্পের উৎপাদন বন্ধ করলে, তা হবে জাতীয়ভাবে মারাত্মক ক্ষতি।

এমবি