এডিস (ডেঙ্গু) মশামুক্ত ওয়ার্ড ও সিটি কর্পোরেশনগুলোর সফল কাউন্সিলরদেরকে বিদেশে প্রশিক্ষণসহ পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হুঁশিয়ারি জানিয়ে বলেন, এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে কারো ব্যর্থতাকে বরদাস্ত করা হবে না।

রোববার বিকেলে রাজধানীর আজিমপুর ছাপড়া মসজিদ সংলগ্ন দক্ষিণ কলোনি মাঠে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত মশক নিধন ক্রাশ প্রোগ্রামে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, এডিস মশা নিধনে সরকারের সব সংস্থাসহ দুই সিটি কর্পোরেশন ঐক্যবদ্ধভাবে মাঠে-ময়দানে কাজ করছে। শিগগিরই ভয়াবহ এডিস মশা থেকে পরিত্রাণ পাব।

এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন ও যারা আক্রান্ত তাদের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি বলেন, এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে ভয়ের বা আতঙ্কের কোনো কারণ নেই। এডিস মশা শুধু আমাদের দেশেই নয় ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াসহ অনেক দেশেই এ সময় প্রাদুর্ভাব দেখা যায়।

মন্ত্রী বলেন, সাধারণত জুন থেকে আগস্ট পর্যন্ত এর প্রাদুর্ভাব বেশি দেখা যায়। সেপ্টেম্বর মাস থেকে এমনিতেই কমে আসবে। এ সময়ে বাড়ির আশপাশে, ফুলের টব, বাড়ির ছাদে যাতে পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে।

সবাই সম্মিলিতভাবে কাজ করলে শিগগিরই ডেঙ্গুর প্রকোপ কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরে মন্ত্রী মশক নিধন কর্মীদের উৎসাহিত করার জন্য নিজ হাতে ড্রেন ও ডোবা-নালায় মশক নিধন ওষুধ ছিটান।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব হেলাল উদ্দিন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ মোহাম্মদ হুসায়ুন কবির, ১৪নং এর মোহাম্মদ সেলিম, ২২নং এর হাজি তারিকুল ইসলাম সজীব, ২৪নং এর মোকাদ্দেস হোসেন জাহিদ, ২৫নং এর হাজি মো. দেলোয়ার হোসেন, ২৬নং এর আলহাজ হাসিবুর রহমান মানিক প্রমুখ।

এএস