মালয়েশিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৬ বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৪ জন।
রোববার (০৭ এপ্রিল) একেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এমএএস কার্গো, জালান এস ৮ পেকেলিলিংয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে। এসময় বাসটি নীলাই, নেগরি সেম্বিলান থেকে শ্রমিকদের নিয়ে আসছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় শ্রমিক বহনকারী ওই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। পরে সার্ডাঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত ১১টার দিকে এই ঘটনায় গুরুতর আহত এক বিদেশি ও স্থানীয় বাস চালক মারা যান।
কেএলআইএ ওসিপিডি সহকারী কমিশনার জুলকিফলি আদমশাহ বলেন, দুর্ঘটনার সময় বাসটি ৪৩ জন শ্রমিক বহন করছিল। তারা এমএএস কার্গোতে চুক্তি ভিত্তিক কাজ করতেন। গুরুতর আহত বাকি ৩৪ জনকে চিকিৎসার জন্য কাজাং, সার্ডাং ও পুত্রাজায়াসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ৬ বাংলাদেশির মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন- মোহাম্মদ রাজীব মুন্সি (২৬), মোহাম্মদ সোহেল (২৪), মহিন (৩৭), আল আমিন (২৫) ও গোলাম মোস্তফা (২২)। তাঁদের লাশ বর্তমানে সেরডাং হাসপাতালে আছে।
এছাড়া, পরিচয় পাওয়া আহত বাংলাদেশিরা হলেন- সেরডাং হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ নাজমুল হক (২১), মোহাম্মদ রজবুল ইসলাম (৪৩), ইমরান হোসাইন (২১) এবং পুত্রাজায়া হাসপাতালে চিকিৎসাধীন জাহিদ হাসান (২১), শামীম আলী (৩২), মোহাম্মদ ইউনুস (২৭) ও মোহাম্মদ রাকিব (২৪)।
হতাহতদের মধ্যে নেপাল, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার নাগরিকও রয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ।
এদিকে বাংলাদেশি শ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে পরিচয় শনাক্ত করতে চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী মো. মুকসেদ আলী।
কুয়ালামপুর বিমানবন্দরগামী বাসে যাত্রীরা নিলাই এলাকার হোস্টেল থাকতো। তারা কাজের জন্য বিমান বন্দরে যাচ্ছিল।
এমবি





