দিনাজপুর শহরের রাজবাটি এলাকার গুঞ্জাবাড়ি মহল্লায় স্ত্রী ও মেয়েকে বিষ পান করিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন অভাবী এক যুবক।
বুধবার দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ মৃতদেহ তিনটি উদ্ধার করে।
মৃতরা হলেন-রনি সরকার (৩০), তার স্ত্রী স্বপ্না দাস (২৫) ও তাদের একমাত্র মেয়ে ভূমি সরকার (৩)। তারা গুঞ্জাবাড়ি মহল্লার মোখলেছের বাড়ির ভাড়াটিয়া।
জানা গেছে, শহরের বটতলী এলাকায় রনির একটি ওষুধের দোকান রয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের কারও কোনো সাড়া শব্দ না পেয়ে আশপাশের লোকজন ওই বাসার দরজা দিয়ে উঁকি দেয়। এসময় ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় রনির মৃতদেহ দেখতে পান তারা। পরে তাদের কাছে খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় রনির মৃতদেহ এবং ঘরের মেঝেতে পড়ে থাকা স্বপ্না ও ভূমির মৃতদেহ উদ্ধার করে।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হিপজুর মুন্সি জানান, অভাবের তাড়নায় স্ত্রী-সন্তানকে বিষ পান করিয়ে রনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেআই





