ভারতের দিল্লিতে মসজিদে অগ্নিসংযোগ ও মুসলিম গণহত্যার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এসময় সাম্প্রদায়িক ও দাঙ্গাবাজ অভিহিত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে ঢুকলে তাকে প্রতিহতে লংমার্চের ঘোষণা দিয়েছে। এতেও কাজ না হলে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে দলটির জেলা নেতারা।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারে বিক্ষোভ করে এই হুঁশিয়ারি দেন হেফাজতে নায়েবে আমির হাফেজ ছালামত উল্লাহ।

তিনি বলেন, নরেন্দ্র মোদি সাম্প্রদায়িক, দাঙ্গাবাজ একজন সন্ত্রাসী রাষ্ট্রপ্রধান। তার হাতে মুসলমানের স্বাধীনতা ভূলুণ্ঠিত। মানবিক রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে দাঙ্গাবাজ মোদিকে বাংলাদেশের মাটিতে এনে মুজিববর্ষকে কলঙ্কিত করবেন না। একজন সর্বশ্রেষ্ঠ বাঙালির জন্মশতবার্ষিকীতে সন্ত্রাসী মোদি আসার অধিকার নেই।

কক্সবাজার শহরের খুরুশকুল রাস্তার মাথা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল কক্সবাজার পৌরসভা গেটে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কক্সবাজার জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পদক মাওলানা ইয়াছিন হাবিব বলেন, ভারতে মুসলমানরা গণহত্যার শিকার হবে আর বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হয়েও সরকারের পক্ষ থেকে প্রতিবাদ করবে না, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

জেলা হেফাজতের প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মনজুরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের অর্থ সম্পাদক হাফেজ মুবিনুল হক, মাওলানা মনজুর ইলাহী, মাওলানা সায়েম হোসেন চৌধুরী, মাওলানা আব্দুর রহমান জিহাদি, মাওলানা হুমায়ুন কবির ও মাওলানা এহতেশামুল হক প্রমুখ।

এমবি