রাজধানীর পল্লবীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দু'জন নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে পল্লবী থানার কালশী লোহার ব্রিজের পাশে এ বন্দুকযুদ্ধ হয়।

তবে নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাদের একজনের বয়স আনুমানিক ৩২ ও আরেকজনের ৪০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

পল্লবী থানার এসআই আনোয়ার হোসেন জানান, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কালশীর লোহার ব্রিজ এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে যায়।

সেখানে অবস্থান নেয়া ৪/৫ জন সন্ত্রাসী পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

পরে দু'জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এসএম