বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড: এমাজউদ্দিন আহমেদ বলেছেন, একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি রাষ্ট্র পেয়েছি। কিন্তু মুক্তি পাইনি। দরিদ্র, ক্লেষ্ট ও অভুক্ত ব্যক্তি এবং বাকস্বাধীনতা মৌলিক অধিকারবঞ্চিত ব্যক্তি যতক্ষণ না তাদের অধিকার পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা মুক্তি পাব না।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার অডিটরিয়ামে ডিবেট বাংলাদেশ আয়োজিত ‘প্রাইম ব্যাংক ভিক্টোরি ডে ন্যাশনাল ডিবেট কম্পিটিশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখনো দেশের ২৫ ভাগ মানুষ দরিদ্রসীমার নিচে বাস করছে। ৩৫ থেকে ৪০ শতাংশ মানুষ সাক্ষরতার আলো থেকে বঞ্চিত।

তিনি আরো বলেন, আমাদের প্রিয় নবী সা: যখন ফজরের নামাজ পড়তে যেতেন, তখন দোয়া করতেন- আমাকে আলো দাও। আমার আত্মাকে জ্যোতির্ময় করো।

তিনি বলেন- মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি। মানুষকে তাই জ্যোতির্ময় হতে হবে।

ড: এমাজউদ্দিন বলেন, জাতীয় সংসদের ১৫৩ জন এমপির বিব্রত হওয়া উচিত। কারণ তারা নিজের ভোটই দিতে পারেননি। তারা বড় গলায় কথা বলেন। তাদের একটুও সংকোচবোধ হয় না? মানুষ যৌক্তিক না হলে তিনি ভালো কিছু গ্রহণের যোগ্য বিবেচিত হন না।

তিনি প্রশ্ন করে বলেন, সংবিধানের সপ্তম অনুচ্ছেদে বলা হয়েছে- প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কিন্তু কেন তা দেখা  যাচ্ছে না? আসলে যুক্তির জোরে এখন আর কিছু হচ্ছে না।

তিনি বলেন- এ বাঙালি জাতির মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে। প্রয়োজন শুধু সঠিকভাবে সেগুলো ব্যবহার করা। মানবসম্পদ উন্নয়নের দিকগুলো সমৃদ্ধ করা। আর আমাদের যে সম্পদ রয়েছে তা কাজে লাগানো।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান। এছাড়া বিতর্ক পরিচালনা করেন চৌধুরী হাসান আহমেদ কিরণ।

জেআই