বিশ্ব ইজতেমার যোগদানের দাওয়াত নিয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলায় তাবলিগ জামাত ও এক পীরের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে তাবলিগ জামাত অনুসারীদের পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বিশ্ব ইজতেমায় যোগদানের দাওয়াত নিয়ে উপজেলার কোম্পানীগঞ্জের তাবলিগ জামাত নেতা কামরুল ইসলাম ২০ জনের একটি প্রতিনিধি দল নিয়ে চাপিতলা গ্রামে যায়। এ সময় ওই গ্রামের তাবলিগ বিরোধী পীর সিরাজুল ইসলামের অনুসারীরা তাদের উপর হামলা চালায়। তারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাবলিগ জামাতের নেতৃবৃন্দকে মারধর করে। এ সময় তাদের পাঁচটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়।
তাবলিগ নেতৃবৃন্দের উপর হামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাদের স্বজনরা কোম্পানীগঞ্জ বাজারে চাপিতলা গ্রামের ওই পীরের অনুসারীদের ৭/৮ ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। এ নিয়ে তাবলিগ জামাত ও পীরের অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
মুরাদনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) নাজিম উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেএইচ





