সাতক্ষীরার তালা উপজেলায় কাজী আবু বক্কর সিদ্দিক জনি (৩৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৪ জুন) রাতে উপজেলার পাটকেলঘাটা থানার গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত কাজী আবু বক্কর সিদ্দিক জনি গৌরিপুর গ্রামের কাজী আব্দুর রহমানের ছেলে। তিনি গরুর ব্যবসা করতেন।
কাজী জনির ভাই কাজী রনি বাংলানিউজকে জানান, রাত ১০টার দিকে মোবাইল ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হয় জনি। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি পাটখেতে জনির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয়।
তিনি জানান, জনির গলায় গামছা বাধা ছিল এবং শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তাদের ধারণা জনিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর গামছা দিয়ে বেঁধে টেনে পাটখেতে ফেলে গেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, জনির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
এমআর





