যাত্রীদের দুর্ভোগ লাঘবে বুড়িগঙ্গা নদী পারাপারে সদরঘাট-কেরানীগঞ্জের মধ্যে শিগগিরই ৪ টি ওয়াটার বাস চালু হচ্ছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে অন্যদের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ এবং বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, বিআইডব্লিউটিসির ১২টি ওয়াটার বাস রয়েছে। এর মধ্যে বুড়িগঙ্গা নদীতে পর্যটন কাজে ব্যবহারের জন্য একটি ওয়াটার বাস একটি প্রাইভেট প্রতিষ্ঠানের কাছে চার্টার দেওয়া হয়েছে। বাকি ১১টি গাবতলী থেকে ওয়াইজঘাট এবং নারায়ণগঞ্জ থেকে টঙ্গী রুটে চলাচল করছে। সেগুলোর মধ্যে থেকে চারটি ওয়াটারবাস সদরঘাট ও কেরানিগঞ্জের মধ্যে বুড়িগঙ্গা নদী পারাপারে ব্যবহৃত হবে।
বিআইডব্লিউটিসির সব যাত্রীবাহী জাহাজ ও ফেরি সার্ভিসে যাত্রীসেবার মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সংস্থার স্থাবর সম্পত্তির যথাযথ ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়।
সভায় জানানো হয়, বিআইডব্লিউটিসির চারটি কন্টেইনার জাহাজ এমভি উদয়ন, এমভি উদ্দীপন, এমভি উত্তরণ ও এমভি উন্নয়ন এক্সপ্রেস ২০১৮ সালের নভেম্বর থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত সাড়ে চার কোটি টাকা আয় করেছে।
এই সময়ে জাহাজগুলোর অপারেশনাল ব্যয় হয়েছে দু’কোটি ৪০ লাখ টাকা। জাহাজ চারটি নির্মাণে ব্যয় হয়েছে ১৫১ কোটি টাকা। কন্টেইনার জাহাজগুলোর নিয়মিত সার্ভিস পরিচালনার মাধ্যমে আয় বাড়ানোর ওপর বৈঠকে গুরুত্বারোপ করা হয়।
এএস





