প্রেমের অভিনয় করে দশম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করেছে দুই বন্ধু। ঘটনাটি ঘটেছে ভোলার লালমোহন পৌর এলাকার ৮নং ওয়ার্ডে। এ ঘটনায় দুই বন্ধুসহ ৫ জনের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় অভিযুক্তরা পলাতক আছে।

জানা গেছে, ৮নং ওয়ার্ডের জনৈক ১০ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীর সাথে একই মাদ্রাসায় পড়া আলিমের ছাত্র তজুমদ্দিন উপজেলার খাসেরহাটের কাঞ্চন মাষ্টারের ছেলে সজিব মাদ্রাসায় আসা যাওয়ার পথে প্রেম নিবেদন করতো। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সাথে প্রেমের অভিনয় করে সজিব। সে কামিল মাদ্রাসার পেছনে ছাত্রাবাসে থাকে।

গত ২৮ জুন রাত সাড়ে ১১টার সময় ছাত্রাবাসে নিয়ে ছাত্রীকে ধর্ষণ করে। উপায় না পেয়ে সজিবকে বিয়ের জন্য বললে তালবাহানা করে সজিব।

পরে সজিবের বন্ধু ওয়েস্টার্ণপাড়ার শাকিলকে জানালে ৩০ জুন আবারো সজিবের ছাত্রাবাসে ডেকে নিয়ে শাকিলও ধর্ষণ করে। এ ঘটনায় ওয়েস্টার্ণপাড়ার নুরনবী দালালসহ কয়েকজন জানলেও তারা ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

পরে ওই ছাত্রীর মা বাদী হয়ে ৩ জুলাই লালমোহন থানায় মামলা দায়ের করে। মামলা নং- ২।

লালমোহন থানার ওসি আকতারুজ্জামান জানান, সজিব প্রেমের অভিনয় করে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে। তার বন্ধু শাকিলও সহযোগিতার নাম করে একই কাজ করেছে। আমরা এ অভিযোগ পেয়ে মামলা নিয়েছি। ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। এ ঘটনায় কোন ছাড় দেয়া হবে না।

এসএইচ/ এআর