কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজি অটোরিকশার চালক রনিকে খুন করে সিএনজি ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন খান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তাদের কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সার্কেল এএসপি আনোয়ারুল হক ও ওসি হেদায়াতুল ইসলাম ভূঞার নেতৃত্বে পুলিশ নান্দাইল, নারায়াণগঞ্জ, কটিয়াদী ও নরসিংদী এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল আলী (১৮), সোহরাব (১৮), রহমত আলী (২০) ও শাহীনকে (১৮) গ্রেফতার করে। তাদের বাড়ি কটিয়াদী, সিলেট, নান্দাইল ও নরসিংদী এলাকায়।
কটিয়াদী থানা পুলিশের জিজ্ঞাসাবাদে সোমবার রাতে ধৃত চার আসামি রনিকে হত্যার বিষয়টি স্বীকার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ হৃদয় (১৮) ও আব্দুর কাদিরকে (৩০) গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী নরসিংদী থেকে সিএনজি অটোরিকশা ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ওই ঘটনায় সন্দেহভাজন আরও পাঁচজনকে আটক করা হয়েছে বলেও পুলিশ জানান।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





