রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মাছের আড়তে অভিযান চালিয়ে ৫০০ কেজি ভেজাল মাছ জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালায় র্যাব- ২। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদফতরের কর্মকর্তা মো. নাজিম উদ্দিন আহমেদ।
মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ও দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার বুড়িগঙ্গা মাছের আড়ত, আল্লাহর দান মৎস্য আড়ত ও আলী মার্কেট মৎস্য আড়তে অভিযান চালানো হয়। অভিযানে ৫০০ কেজি ভেজাল গলদা চিংড়ি জব্দ করা হয়।
ভেজাল মাছ বিক্রির অপরাধে সাতজন মাছ ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন- পবিত্র কুমার (২১), মো. মাসুদ (২৮), মো. জাকির (৩৪), রাশেদ মোড়ল (৩০), জয়দেব নন্দি (২৭), মনিরুজ্জামান (২৯), মো. আজিজুল চৌকিদার (৩০)।
আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, বিভিন্ন জেলা থেকে মাছ সংগ্রহ করে এসব আড়তে এনে মাছের ওজন বাড়াতে তারা জেলি, সাগু ইত্যাদি ব্যবহার করেন। দোষীদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত মাছগুলো আদালতের নির্দেশে ধ্বংস করা হয়।
কেএইচ





