চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের আমানউল্লাহপাড়ায় নির্বাচনী সহিংসতায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন।

শুক্রবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ ফারুক হোসেন (৩৫) নামে ওই ব্যক্তি মারা যান।

আনোয়ারা থানার ওসি থানার আব্দুল লতিফ জানান, একজন লোক আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর মারা গেছে শুনেছি। বিস্তারিত এখনো পাইনি।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, নির্বাচনী সংঘর্ষে আহত একজনকে সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে আনার পর ৭টায় তার মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের আগের দিন শুক্রবার বিকেল ৫টার দিকে বৈরাগ ইউনিয়নে ৯নং ওয়ার্ডের মেম্বরপ্রার্থী মুছা তালুকদারের সমর্থক এবং আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. সোলায়মানের সমর্থকদের মধ্যে পূর্ববিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ফারুক হোসেন, ফরহাদ ও আবদুর রহমান নামের তিনজন গুরুতর আহত হন। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় ফারুক মারা যান।

নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ জানায়। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এফএফ