নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় ফেরদৌস মিয়া (৫৫) একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ছেলে ছোটন মিয়া (২৫)। গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার দুপুরে নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের আজিতপুর হাওরে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আলমশ্রী গ্রামের নূর মিয়ার গরু বৃহস্পতিবার আজিতপুর হাওরে ধানকোনিয়া গ্রামের ফেরদৌস মিয়ার ধানখেত খেয়ে ফেললে তাদের মধ্যে ঝগড়া হয়।

এরই জের ধরে শনিবার দুপুরে ফেরদৌস মিয়া ও তার ছেলে ছোটন মিয়া আজিতপুর হাওরে তাদের জমিতে ধান কাটতে যাওয়ার পথে নূর মিয়া ও তার লোকজন তাদের ওপর আক্রমণ করে তাদেরকে জখম করে।

এলাকাবাসী তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফেরদৌস মিয়াকে মৃত ঘোষণা করে।

মদন থানার ওসি (তদন্ত) সামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এসএইচ