সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের মাহিন এন্টার প্রাইজ শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের সিঁড়ি থেকে পড়ে দুই পিটারম্যান নিহত হয়েছেন।

নিহত শ্রমিকরা হলেন- আলমগীর (৪০) ও আনিস (৩০)। তারা যশোরের নলদিয়া এলাকার বাসিন্দা ।

বুধবার রাতে সীতাকুণ্ডের ঘোড়ামরা সাগর উপকূলে আশিকুর রহমান লঙ্করের মালিকানাধীন মাহিন এন্টার প্রাইজ শিপব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপকূলে আশিকুর রহমান লঙ্করের মালিকানাধীন মাহিন এন্টার প্রাইজ শিপব্রেকিং ইয়ার্ডের কিছু শ্রমিক সিঁড়ি দিয়ে তাড়াহুড়া করে জাহাজ থেকে নামছিলেন। এ সময় হঠাৎ সিঁড়ির শিকল ভেঙে ৫-৬ জন উপর থেকে পড়ে যান। এতে কয়েকজন শ্রমিক আহত হন।

তাদের মধ্যে পিটারম্যান আলমগীর ও আনিসকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে হাসপাতালে ভর্তি করানোর সময় ইয়ার্ড কর্তৃপক্ষ দাবি করেন শ্রমিকরা নৌকাডুবিতে মারা গেছেন।

তবে সীতাকুণ্ড থানার এসআই মো. সাইফুল্লাহ জানান, নৌকা ডুবি নয়, জাহাজের সিঁড়ির ছিড়ে পড়ে যাওয়ায় দুই শ্রমিক নিহত ও আরো একজন আহত হয়েছেন। লাশ চমেক হাসপাতালের মর্গে রয়েছে।

এফএফ