এবার কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে রেখেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে এবং পুলিশের বিশেষ বাহিনী সোয়াত ও র্যাবের সদস্যসহ আরো প্রায় দুইশো সদস্য নতুন করে যোগ দিয়েছে।
বাড়িটির ভেতরে জঙ্গি সদস্য এবং বিস্ফোরক থাকতে পারে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
ঘিরে রাখা তিনতলা নির্মানাধীন বাড়িটির আশপাশ থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে, কখন চূড়ান্ত অভিযান চালানো হবে বা কিভাবে চালানো হবে সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো স্পষ্ট করে কিছু বলা হয়নি।
এদিকে, মাত্র একদিন পর কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের আগের দিন ওই এলাকায় এমন একটি অভিযান নির্বাচনকে প্রভাবিত করবে কিনা এমন এক প্রশ্নের জবাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে আগে থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী স্বাভাবিক অভিযানের অংশ হিসেবেই এটা করা হয়েছে। এর সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই।
টাইম নিউজ.নেট/ মাহমুদ/কেবি





