নোয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ওসি, ওসি তদন্তকে প্রত্যাহার দাবিতে কোম্পানীগঞ্জে আজ আধাবেলা হরতাল চলছে।
আজ (১৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই হরতাল চলবে।
এদিকে সকাল থেকে বসুরহাট পৌরসভা এলাকায় কোনো যানবাহন চলাচল করছে না। অধিকাংশ দোকানপাটও বন্ধ রয়েছে। এছাড়া সড়কে কাটা গাছ ফেলে নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা গেছে।
বুধবার দুপুরে বসুরহাট পৌরসভার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই হরতালের ডাক দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
নোয়াখালী ও ফেনীর অপরাজনীতি বন্ধ, নোয়াখালীর ডিসি, এসপি এবং কোম্পানীগঞ্জের ওসি ও ওসি তদন্তসহ কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার রাত ৮টা থেকে থানার সামনে নেতাকর্মীদের নিয়ে অবস্থান ধর্মঘট পালন করেন কাদের মির্জা। এ সময় কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, ব্যাংকার ফখরুল ইসলাম রাহাত ও চরকাঁকড়ার ফখরুল ইসলাম সবুজসহ তার অনুসারীদের গ্রেফতারের দাবিও জানান কাদের মির্জা।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই অবস্থান কর্মসূচী প্রত্যাহার করার ঘোষণা দেন।
অবস্থান ধর্মঘটে কাদের মির্জা বলেন, আমাদের দাবী মানা না হলে আগামীকাল (বৃহস্পতিবার) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোম্পানীগঞ্জে হরতাল এবং শুক্রবার থেকে দাবী আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার সামনে অবস্থান কর্মসূচী পালন করা হবে।
এমবি





