চলমান নাশকতা বন্ধসহ এসএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে সিলেটে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা।
বুধবার দুপুর সাড়ে ১২টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্বনাথ ছাত্র কল্যাণ পরিষদ সিলেটের উদ্যোগে মানববন্ধনে এ প্রতিবাদ জানান তারা।
এসময় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন সিলেটে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।
বিশ্বনাথ ছাত্র কল্যাণ পরিষদের আহবায়ক সোহেল আহমদ মুন্নার সভাপতিত্বে মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সমকালের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, সিলেট জেলা ছাত্রলীগের সহসভাপতি রশিদুল ইসলাম রাশেদ, ছাত্রলীগ নেতা ফজলুর রহমান জসিম, বিশ্বনাথ ছাত্র কল্যাণ পরিষদের সদস্য মাছুম আহমদ, ফয়ছল, সাহেদ, জাকারিয়া, রবিউল প্রমুখ।
জেআই





