বেনাপোলের পুটখালী সীমান্তের ইছামতি নদী থেকে ভারতীয় পুলিশের হাতে উদ্ধার হওয়া গোলজার আলী (৭০) নামে এক বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ)। পুলিশ তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার (০৯ জুন) দুপুর ১টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে লাশটি ফেরত দেয় বিএসএফ।

নিহত গোলজারের ছেলে স্থানীয় ইউপি সদস্য লিয়াকত আলী জানান, ০৬ জুন পুটখালীর বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে ইছামতি নদী থেকে তার বাবার লাশ উদ্ধার করে নিয়ে যায় বিএসএফ ও ভারতীয় পুলিশ।

পরে লাশ ফেরতের জন্য বিজিবির মাধ্যমে পতাকা বৈঠকে বিএসএফকে জানানো হয়। চারদিন পর বিএসএফ লাশ ফেরত দেয়।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক(এসআই) নুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ৪ জুন ছেলেকে খুঁজতে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। পরদিন বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে ভারত সীমান্তে ইছামতি নদীতে তার মৃতদেহ খুঁজে পায় ভারতীয় পুলিশ।

এখন পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হয়নি। তবে, বিএসএফের দাবি তিনি পানিতে ডুবে মারা যান।

ওএফ