গাইবান্ধার গোবিন্দগঞ্জে পিকনিকে যাওয়ার পথে বাস থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে স্থানীয় পিয়ারাপুর আইজিএম স্কুল এন্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মোজাম্মেল জানান।
নিহত চপল উপজেলার শাখারহার ইউনিয়নের পিয়ারাপুর পটকেপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে এবং পিয়ারাপুর আইজিএম স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
ওসি বলেন, সকালে বাসে করে শিক্ষার্থীরা পিকনিক করতে রংপুরের তাজহাট জমিদার বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় চপলসহ কয়েকজন শিক্ষার্থী বাসের ছাদে ওঠে।
“বাসটি স্কুল চত্বর থেকে সড়কের ওঠার সময় চপল স্কুলের প্রধান ফটকের সঙ্গে মাথায় ধাক্কা খেয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।”
এদিকে চপলের বাবা রেজাউল ইসলামের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
তিনি বলেন, “পিকনিকে যাওয়ার জন্য প্রত্যেক শিক্ষার্থী কাছ থেকে ২০০ টাকা করে চাঁদা নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু বাস ভাড়া করেছে মাত্র ৩২ সিটের। ফলে শিক্ষার্থীরা বাসের ভিতরে জায়গা না পেয়ে ছাদে ওঠে।”
এ বিষয়ে জানতে পিয়ারাপুর আইজিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেএম আনারুল ইসলাম ফারুকসহ অন্য শিক্ষকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
ঘটনার পর শিক্ষক-কর্মচারীরা পালিয়ে গেছে বলে অভিভাবক ও স্থানীয় লোকজনদের ভাষ্য।
ওএফ





