মাদ্রাসাছাত্রের মৃত্যুর প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে এ হরতাল আহ্বান করে।

এর আগে সোমবার বিকেলে পুলিশ ও মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষে মাসুদুর রহমানের (২০) গুরুতর আহত হন। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার ভোরে তিনি মারা যান।

এদিকে মাসুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সকালে কয়েকশ’ মাদ্রাসাছাত্র শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

মাসুদ ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর এলাকার হাফেজ ইলিয়াস মিয়ার ছেলে।

জানাযায়, সোমবার বিকেলে শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার এক ছাত্র মোবাইল ফোন কেনার জন্য জেলা পরিষদ মার্কেটের বিজয় টেলিকমে যান। এ সময় মোবাইল ফোনের দাম নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে দোকানদার ওই ছাত্রকে থাপ্পড় দেন। এ ঘটনার পর জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা থেকে অর্ধশত ছাত্র বিজয় টেলিকমে হামলা চালিয়ে ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মাদ্রাসার ছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীরাও মাদ্রাসা ছাত্রদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ থামাতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।

এদিকে মাদ্রাসা ছাত্রদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাতে পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে মাদ্রাসায় প্রবেশ করে ছাত্রদের লক্ষ‌্য করে গুলি ছোড়ে এতে প্রায় ৪০ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত মাসুদ সকালে মারা যান।

মাসুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মাদ্রাসা শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। কয়েকশ’ মাদ্রাসাছাত্র শহরের টিএ রোড, কুমারশীলের মোড়, লোকনাথ ট্যাঙ্কের পাড়সহ বেশ কয়েকটি স্থানে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা সড়কের উপর কয়েকটি তোরণ ভাঙচুর করে।

মুহূর্তের মধ্যে পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। যান চলাচলও বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর সকাল ৮টায় শহরে বিজিবি মোতায়েন করা হয়।

বেলা সোয়া ১১টার দিকে বিক্ষুব্ধ মাদ্রাসাছাত্র শিক্ষকরা বুধবার সকালে জেলায় সর্বাত্মক হরতাল আহ্বান করে।

১২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম জানান, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এআই