মুজিববর্ষ উদযাপন ঘিরে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি আরও জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অতিথি হিসেবে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে।

রোববার (০১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল- ২০২০’-এর ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মুজিববর্ষে ঢাকায় নরেন্দ্র মোদীর সফর প্রসঙ্গে জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, তিনি (মোদি) ঢাকায় আসছেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আগামীকাল ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসবেন। অতিথি হিসেবে তাকে (নরেন্দ্র মোদীকে) আমরা সর্বোচ্চ সম্মান দেবো। একই সঙ্গে আমন্ত্রিত অতিথিরা যেন বাংলাদেশের জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটান আমরা সে প্রত্যাশাও করি।

মুজিববর্ষে মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদও আসতে পারেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মাহাথির মোহাম্মদ বর্তমানে প্রধানমন্ত্রী নেই। কিন্তু ব্যক্তি মাহাথিরও (আমাদের অতিথি) হিসেবে আসতে পারেন। ব্যক্তি হিসেবেও তিনি একটা ইনস্টিটিউশন।

ভারতের দিল্লিতে নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন নাগরিক আইনের জেরে দিল্লিতে যে সহিংসতা হচ্ছে বাংলাদেশ তা পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গত কয়েক দিন ধরে ভারতের রাজধানী নয়া দিল্লিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশটির মুসলমানরা। এই আন্দোলন চলাকালে হিন্দু উগ্রবাদীদের নির্যাতনে এখন পর্যন্ত ৪২ জন নিহত হয়েছেন।

এমবি