ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দখলের মহোৎসব চলছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন।
আজ রোববার নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে মেনন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিইসিকে বলেছি যে ওয়ার্কার্স পার্টি নির্বাচনে শেষ পর্যন্ত থাকতে চায়। কিন্তু আমাদের যদি আশ্বস্ত করতে না পারেন, তবে এই কমিশনের প্রতি মানুষের এক বিন্দু আস্থা থাকবে না। সিইসি আমাদের আশ্বস্ত করেছেন।’
ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের অবস্থা এতটাই খারাপ এবং প্রার্থীদের এত বেশি বাধা দেওয়া হচ্ছে যে নির্বাচন কমিশনে আসতে হলো। বাস্তবে দুই দফার নির্বাচন দেখে মনে হয়েছে, দখলের মহোৎসব চলছে। সবার চোখের সামনে কেন্দ্র দখল হচ্ছে। সবচেয়ে দুঃখজনক যে তাঁদের দলের প্রার্থীদেরও বাধা দেওয়া হচ্ছে। মেরে ভুট্টাখেতে ফেলে দেওয়া হয়েছে।’
নির্বাচন সম্পর্কে মন্ত্রী বলেন, নির্বাচনে বিনিময় বাণিজ্য এত বেশি হচ্ছে যে টিকে থাকাটাই মুশকিলের ব্যাপার। তাঁর দল চায়, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হোক। নির্বাচন সুষ্ঠু করার জন্য কমিশন তাদের ক্ষমতা প্রয়োগ করুক। যেমন রাঙামাটি, বান্দরবানে নির্বাচন বাতিল করেছে; কিন্তু বাগেরহাটে করেনি। অথচ সেখানে সবচেয়ে বেশি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
মেননের সঙ্গে দলটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাও উপস্থিত ছিলেন।
ওএফ





