রাজধানীর ধানমন্ডি এলাকায় ছিনতাইকারী সন্দেহে মারুফ (২০) ও হোসেন (২১) নামে ২ যুবককে আটক করেছে পুলিশ। রোববার দুপুর সোয়া ৪টার দিকে তাদের আটক করা হয়।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীতে ছিনতাইরোধে পুলিশের একটি ‘হোন্ডা মোবাইল টিম’ নিয়মিত টহল দেয়। প্রতিদিনের মতো আজো টিমটি ধানমন্ডি এলাকায় টহল দিচ্ছিলো।

এ সময় ওই দুই যুবক মটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। হোন্ডা মোবাইল টিমের সন্দেহ হলে তাদের থামতে বলে। কিন্তু যুবকেরা মটরসাইকেল না থামিয়ে চলে যায়।

পরে টিমের সদস্যরা তাদের ধরতে পিছু নেই। এ সময় ওই যুবকেরা বিজিবি গেইট, ঝিগাতলা, স্টার কাবাব ও ধানমন্ডির বিভিন্ন এলাকা দিয়ে ঘুরে ওই টিমকে হয়রানি করে।

অবশেষে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতাল সংলগ্ন এলাকায় তাদের আটক করতে সক্ষম হয় ওই টিম।

তিনি আরো জানান, রাজধানীতে মটরসাইকেল নিয়ে ছিনতাইয়ের অনেক ঘটনা ঘটছে। ছিনতাইকারীরা মটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পথে ঘাটে কারো না কারো ব্যাগ টেনে নিয়ে যায়। আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ