নারায়ণগঞ্জে কলেজছাত্রী হাবিবা আক্তার হত্যা মামলায় তারই খালাতো ভাই তৌহিদ মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

একই রায়ে খালাকে হত্যা চেষ্টার ঘটনায় আরও তিন বছরের কারাদণ্ড দেন আদালত।

নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী বৃহস্পতিবার সকালে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত তৌহিদ বর্তমানে পলাতক রয়েছেন। তিনি শহরের খানপুর এলাকার মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম এ রহিম জানান, তৌহিদ তার খালার কাছ থেকে এক লাখ টাকা ধার নেন। ওই টাকা পরিশোধ নিয়ে বিরোধের জের ধরে ২০১৩ সালের ২৮ এপ্রিল নারায়ণগঞ্জ বন্দরের কবিলের মোড় এলাকায় খালা তাছলিমার বাড়িতে গিয়ে তাকে হত্যার চেষ্টা করে। এ সময় খালাতো বোন হাবিবা আক্তার মাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকে কুপিয়ে হত্যা করেন তৌহিদ। তাকে গ্রেফতার করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়ে হত্যার দায় স্বীকার করেন। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

কেএইচ